বেশ কয়েক দিন ধরেই ওমানের ব্যারোমিটারের পারদ ঊর্ধ্বমুখী। অর্থাৎ বেড়েই চলছে দেশটির তাপমাত্রা। প্রচন্ড দাবদাহে পুড়ছে গোটা দেশ। সোমবার (১৪-জুন) ওমান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মুদাইবি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও ফাহুদ, কর্ণে আলম, ইবরি, ইজকি, আল কাবেল ও ইব্রাহ অঞ্চলে ৪৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আগামী দুইদিন তাপমাত্রা আরো বাড়ার আভাস রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। বাতাসে অস্বাভাবিক আর্দ্রতা, সারাদিন কাঠফাটা রোদ। সব মিলিয়ে জনজীবন অতিষ্ঠ। তীব্র গরমে করোনার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও রোগব্যাধি বাড়ছে, অন্যান্য বছরও দেখা গেছে, গরমের সময়ই মানুষের স্বাস্থ্য সমস্যা বেশি দেখা দেয়। তাই এ সময়ে সতর্ক হয়ে না চললে যেকোনো সময়ই অসুস্থ হয়ে পরার আশংকা রয়েছে।
প্রচন্ড দাবদাহে যেসব স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয় হিট স্ট্রোক তার অন্যতম। এটি একটি জরুরি মেডিক্যাল অবস্থা। এতে দ্রুত ও সঠিকভাবে চিকিৎসা না করালে মৃত্যুও হতে পারে। প্রচন্ড দাবদাহের কারণে অনেকেরই জ্বর অথবা ডিহাইড্রেশন হতে পারে। সেক্ষেত্রে নিজেকে সুস্থ রাখতে বেশি বেশি বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন পান করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষকরে যে সকল প্রবাসীরা আউট ডোরে কাজ করেন, তাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















