করোনা মহামারির প্রকোপ ঠেকাতে দেশব্যাপী ‘সর্বাত্মক লকডাউন’ সহ জনসমাগমের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ওমান সরকার। যে কারণে এবছরও ওমানের নাগরিক ও প্রবাসীরা ঈদের নামাজ জামাতে আদায় করতে পারেননি।
নিজ ঘরে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা। ঈদ উপলক্ষে সারা দেশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেইসাথে এই ঈদ উদযাপনে ওমান সুপ্রিম কমিটির বিধিনিষেধ ঠিক মতো মানা হচ্ছে কিনা সেদিকে কঠোর নজরদারি করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোপন সূত্রে জানাগেছে, মহাসড়কগুলোতে চেকপোস্ট তল্লাশির পাশাপাশি ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোকেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওমান পুলিশ। পবিত্র ঈদ উপলক্ষে সরকারের দেয়া বিধিনিষেধ সঠিকভাবে মানা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টগুলো নজরদারিতে রাখছে ওমান পুলিশ।
কেউ যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ছবিসহ পোস্ট দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। ওমান সুপ্রিম কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী দেশটির সকল সমুদ্র সৈকত, পাবলিক পার্ক সহ সকল বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসাথে সকল ধরনের জনসমাগমের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে সুপ্রিম কমিটি। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















