অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোষ্ট করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার।
রোববার (৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
তিনি জানান, এখনো নির্দেশনা হাতে আসেনি। এর আগে রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে ফেসবুকে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।
পরে স্ট্যাটাস বিষয়ে জানতে চাইলে উর্মি মুঠোফোনে বলেন, আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে। পরে তিনি বলেন, এ বিষয় আমি কোন মন্তব্য করতে চাই না।
এদিকে তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে গিয়ে দেখা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, এই ঘটনায় তাকে অলরেডি (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে। তার বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রনালয়ই নিবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















