সৌদি আরবের রিয়াদের বাথা এলাকার একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুল কাদের (৫০)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সাদেকের পাড়া এলাকার মোহাম্মদ নুরুচ্ছাফার ছেলে।
জানা গেছে, পেশায় প্লেস্টেশন (ভিডিও গেম প্রতিষ্ঠান) ব্যবসায়ী রাঙ্গুনিয়ার আবদুল কাদের বাথা এলাকায় ফাইভ বিল্ডিংয়ের ৩নং ভবনের তৃতীয় তলায় থাকতেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি মসজিদে নামাজ আদায় শেষে ফেয়ার পথে দেখেন তাদের ভবনের অষ্টম তলায় এসি বিস্ফোরণ হয়ে আগুন লাগে। তৃতীয় তলায় তার কক্ষ থেকে পাসপোর্ট উদ্ধার করতে গিয়েছিলেন।
এর মধ্যে অষ্টম তলায় লাগা আগুনের ধোঁয়া ছড়িয়ে যায় বিল্ডিংজুড়ে। এ সময় কালো ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে কক্ষে প্রবেশের আগেই তিনি মারা যান।
এদিকে আব্দুল কাদেরের এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া করা হচ্ছে বলে জানান নিহতের স্বজনরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















