জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে এক প্রবাসী বাংলাদেশি ও এক ফিলিপাইন নারীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
গত শুক্রবার (১০ মে) বিশেষ অভিযানে সেলাংগর রাজ্যের কাজাং থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার (১৩ মে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ। তিনি জানান, সন্দেহভাজন ৩৮ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি ‘অপু ভাই’ হিসেবে পরিচিত।
তিনি আরও জানান, এই চক্রটি পাসপোর্টের পুরোনো সংস্করণগুলো ব্যবহার করত। যেসব পাসপোর্টে পলিকার্বোনেট ব্যবহার হয়নি সেগুলো পরিবর্তন করা সহজ।
বিদেশি কর্মীদের মেডিকেল সার্টিফিকেট জন্য জাল বায়োডাটার মাধ্যমে অনুমোদনের সঙ্গেও জড়িত এ চক্রটি। প্রায় দুইবছর এই কার্যক্রম চলছে বলে নিশ্চিত হয়েছে ইমিগ্রেশন বিভাগ।

মহাপরিচালক আরও জানান, চক্রটির আরো সদস্য আছে কি না তা খুঁজতে তদন্ত চলছে। তবে তিনি মনে করেন এ কাজে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংগ্রহ করে ব্যবহারকারীর তথ্য পাসপোর্টে জাল তথ্য দিয়ে নতুন পৃষ্ঠা যুক্ত করতো।
মহাপরিচালক আরও জানান, মেয়াদোত্তীর্ণ পাসপোর্টগুলো প্রকৃত পক্ষে আসল শুধুমাত্র তথ্যগুলো জাল। জাল পৃষ্ঠায় ব্যক্তির বাড়ির ঠিকানা, পুরো নাম ও পাসপোর্ট নম্বরসহ সমস্ত বিবরণ লেখা থাকতো।
এদিকে, চক্রটির কাছ থেকে জব্দ করা হয় বাংলাদেশি ১৯৯টি পাসপোর্টসহ ২১১ পাসপোর্ট, ১৬ হাজার রিঙ্গিত, মেডিকেল পরীক্ষার নথি ও জাল নথি তৈরির সরঞ্জাম। আটককৃত দুইজনকেই রিমান্ডে নেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















