পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যের খুব কাছাকাছি। এই অবস্থায় দেশগুলো দম্পতিগুলোকে সন্তান গ্রহণে উৎসাহিত করতে নানা উদ্যোগ নিচ্ছে।
সর্বশেষ দক্ষিণ কোরিয়ার সরকার পরিকল্পনা করেছে, তারা দেশটির দম্পতিগুলোকে সন্তান লালন-পালনের ভর্তুকি হিসেবে ১০ কোটি ওন বা ১ লাখ ১২ হাজার ডলার দেবে; যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৩ লাখ টাকার কাছাকাছি।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, কেন দম্পতিরা সন্তান নিচ্ছেন না তা জানতে দক্ষিণ কোরিয়ার সিভিল রাইটস কমিশন গত এপ্রিল মাসে একটি জরিপ চালিয়েছে। সেই জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে তারা এই ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছে।
দেশটির সিভিল রাইটস কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জরিপের মাধ্যমে জন্মহার বৃদ্ধিতে সরাসরি আর্থিক ভর্তুকি কার্যকর সমাধান হতে পারে কি না তা নির্ধারণ করতে দেশের জন্ম প্রচার নীতিগুলো পুনর্মূল্যায়ন করার পরিকল্পনা করেছি।
এতে আরো বলা হয়, নিম্ন জন্মহার এখন কিছু নির্দিষ্ট ব্যক্তির সমস্যা নয়। এটি এমন একটি বিষয়, যা সমাধানের জন্য সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই একসঙ্গে কাজ করা উচিত।
২০২২ সালে দক্ষিণ কোরিয়ায় নারীদের সন্তান জন্মদানের হার ছিল গড়ে শূন্য দশমিক ৭৮ শতাংশ। যা ২০২৩ সালে আরও কমে নেমে যায় শূন্য দশমিক ৭২ শতাংশে। সে বছর বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ ছিল দক্ষিণ কোরিয়া।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















