দীর্ঘদিন ধরে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রত্যাশা করছিল।
সেই বহুল কাঙ্ক্ষিত সেবাটি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খুব শিগগিরই পেতে যাচ্ছে প্রবাসীরা।
মঙ্গলবার কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এই সুসংবাদ আসে।
এনআইডি সংক্রান্ত বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত প্রবাসীদের নানা প্রশ্ন ও জিজ্ঞাসা জবাবে আগামী ৫ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টায় দূতাবাসের হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
ওই মতবিনিময় সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানসহ বাংলাদেশ থেকে আসা নির্বাচন কমিশন সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তাঁরা এনআইডি সংক্রান্ত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
২০২১ সালের নভেম্বর মাসে কুয়েত দূতাবাস জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভিস চালু সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছিল। এর ফলে গত মাসের বাংলাদেশ থেকে টেকনিক্যাল সাপোর্ট টিম ও অ্যাডমিনিস্ট্রেশন টিম আসে কুয়েতে। এরই মধ্যে এনআইডি সার্ভিস চালুর প্রয়োজনীয় সার্বিক কাজ শেষ করেছে তাঁরা।
এনআইডি নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ২২টি নাগরিক সুবিধা নিতে পারবে।
যে সকল কাগজপত্র লাগবে তা হলো– অনলাইন জন্ম সনদ কপি, বৈধ বাংলাদেশি পাসপোর্ট কপি, ইউনিয়ন অথবা পৌরসভার নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন) বিলের কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ (যদি থাকে) এবং পিতা, মাতা, স্বামী, স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















