নরসিংদীর পলাশ উপজেলায় নিজের ঘরে প্রবাসীর মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরনগরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগমের (৬০) স্বামী মৃত মালেক দেওয়ান। তাঁর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে দুই ছেলে প্রবাসী।
ইফতারের পর মা বাড়িতে একা ছিলেন বলে জানান ছেলে নাদিম মিয়া। তিনি এক বোনের বাড়ি ছিলেন। সেখান থেকে মোবাইল ফোনে মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে প্রতিবেশীদের জানালে তাঁরা বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও মায়ের সাড়া পাননি।
পরে ঘরে ঢুকে খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নাদিম ও তাঁর বোন নার্গিস বেগম বাড়িতে এসে থানায় খবর দেন। পলাশ থানার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর মাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে নাদিম মিয়া।
এদিকে, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্তসাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















