বকেয়া ঋণ পরিশোধের মাধ্যমে ৫১ জেলবন্দীকে মুক্ত করে প্রশংসায় ভাসছেন নাম না জানা এক ওমানি। তিনি টানা অষ্টমবারের মত নাম গোপন করে ফাক কুরবার মাধ্যমে পঞ্চাশেরও অধিক কারাবন্দীকে মুক্ত করলেন।
এক বিবৃতিতে মানবিক এই সংস্থাটি জানিয়েছে, এক ধর্মপরায়ণ ব্যক্তি আল ধাহিরার ৫১ জন অসহায় ব্যক্তিকে জেল থেকে মুক্ত করতে অর্থ সাহায্য দিচ্ছেন। এক্ষেত্রে প্রতিবারের মত এবারও তিনি নিজের পরিচয় গোপন রেখেছেন।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ বছর ১ হাজার ৫ শত অসচ্ছল কারাবন্দীকে মুক্ত করার ঘোষণা দিয়েছে ওমানি আইনজীবী এসোসিয়েশন পরিচালিত ফাক কুরবা। এই লক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সাহায্য তুলছে সংস্থাটি।
১১ তম পর্ব শুরুর অল্প কয়েকদিনে তারা ৪৫ ব্যক্তিকে জেল থেকে ছাড়িয়ে এনেছেন। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিষ্ঠালগ্ন থেকে ১০ পর্ব পর্যন্ত মোট ৫ হাজার ৮৯০ জন কারাবান্দীকে মুক্ত করেছে তারা। এরমধ্যে ২০২৩ সালে মুক্ত হয়েছেন ৯২৫ জন অসচ্ছল জেলবন্দী।
দেওয়ানি, বাণিজ্যিক এবং শ্রম আইনের মামলায় যেসব শ্রমিক বা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি কারাগারে গিয়েছেন মূলত তাদের মুক্ত করতে কাজ করে ফাক কুরবা। ২০১২ সাল থেকে ওমানের প্রায় সবকটি অঞ্চলে তারা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
মহৎ এই উদ্যোগ নিয়ে ফাক কুরবার উপদেষ্টা ড. মুহাম্মদ আল জাদজালি বলেন, আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষই দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকার রাখে। সেই স্লোগানকে ধারণ করে সংহতিপূর্ণ সমাজ নির্মাণই এই উদ্যোগের লক্ষ্য।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















