বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে সৌদি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সৌদিতে প্রায় ত্রিশ লাখ বাংলাদেশি রয়েছেন। প্রত্যেক প্রবাসীই দেশের প্রতিনিধি এবং তাদের আচরণেই দেশ পরিচিত হয়। সবাই বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশের অর্থনীতিতে তা বড় ভূমিকা রাখে।
বুধবার (৬ মার্চ) সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুপ্রতিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই সম্পর্ককে বহুমাত্রিক করেছে।
তিনি জানান, সৌদি আরবের সঙ্গে আগে কেবল জনশক্তি রপ্তানির সম্পর্ক ছিলো। এখন পেট্রোলিয়াম, বাণিজ্য-বিনিয়োগ, প্রযুক্তিসহ নানা খাতে সহযোগিতা এবং সেই সম্পর্ককে বহুমাত্রিক করা হয়েছে।
সভায় জেদ্দায় সদ্যসমাপ্ত ১৯তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এক্সট্রাঅর্ডিনারি সেশনে যোগদানের পাশাপাশি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও ওআইসি মহাসচিবের সঙ্গে সাক্ষাতের ওপর আলোকপাত করেন ড. হাছান।
তিনি জানান, টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। রোহিঙ্গা ইস্যুতে পূর্ণ সহযোগিতা এবং ফিলিস্তিনে সহিংসতা অবসানে একযোগে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
হাছান মাহমুদ জানান, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সৌদি যুবরাজের প্রস্তাবিত বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়কে অগ্রাধিকার দেয়ার কথা বলেছেন।
এদিন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মুহাম্মদ নাজমুল হকসহ প্রবাসীরা অভ্যর্থনা সভায় অংশ নেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















