ওমান প্রবাসী মুছা হত্যার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নামে একটি সংগঠন। আবুধাবি ডায়মন্ড সিটি হল রুমে এই দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশে প্রবাসীদের জীবনের নিরাপত্তা চেয়ে বক্তব্য দেন বক্তারা।
আমিরাত বাংলাদেশ সমিতির ভাইস প্রেসিডেন্ট নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তরা বলেন, ওমান প্রবাসী মুছা হত্যার বিচার না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাবে প্রবাসীরা। প্রবাসীরা কোন রাজনৈতিক দলের সেটা মূখ্য নয়। তারা রেমিট্যান্স যোদ্ধা। তাই ছুটিতে দেশে গেলে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম রাউজানের বাড়ির মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের সামনেই ১০-১২ জন যুবক তার ওপর হামলা করে। একপর্যায়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এর কিছুদিন আগে ওমান থেকে ছুটি নিয়ে দেশে আসেন মুছা। এসময় বিমান বন্দরে প্রবাসীদের হয়রানির অভিযোগ তুলে সমস্যা নিরসনে সরকারের দৃষ্টি কামনা করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















