ফেব্রুয়ারি মাসে বড় সুখবর দিয়েছে প্রবাসী আয়। জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাস ২ দিন কম হলেও বেড়েছে প্রবাসী আয়। মাস শেষে দেশে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৩ হাজার ৭১৭ কোটি ৭০ লাখ টাকা।
এ প্রবাসী আয় চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি আট মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত জুন মাসে এসেছিল ২২০ কোটি ডলার। মার্চ আর জুন ছাড়া কোনো মাসেই ২০০ কোটি ডলার আসেনি।
রোববার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে দেশে গড়ে প্রতিদিন এসেছে সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ মার্কিন ডলার। আগের বছর একই সময়ে গড়ে দিনে প্রবাসী আয় আসে পাঁচ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২৮ ডলার। গত জানুয়ারিতে গড়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছে সাত কোটি ৩১ হাজার ৬৬৬ ডলার। ডিসেম্বর মাসেও এই ধারা ঊর্ধ্বমুখী ছিল।
২০২৩ সালের সেপ্টেম্বরে ৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় আসে দেশে। এতে সরকার প্রণোদনা বাড়ায়। পাশাপাশি নির্ধারিত দামের অতিরিক্ত দামে প্রবাসী আয় না কেনার নির্দেশনা তুলে নেয়। এরপর থেকে প্রবাসী আয় বাড়তে থাকে। এ সময় হুন্ডিকে নিরুৎসাহিত করতে নানামুখী উদ্যোগ নেওয়া বাংলাদেশ ব্যাংক।
অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেছে, পাচার কমেছে। এর প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। আগামী মাসগুলোয় এ ধারা অব্যাহত থাকবে বলেও আশা করেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















