যুক্তরাষ্ট্রের মিশিগানের সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলী সাজু (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উক্ত প্রবাসীর ছেলে শাহজাহান তামিম ও মেয়ে সানজিদা মুমু গুরুতর আহত হয়েছেন, তামিমের অবস্থা কিছুটা উন্নতি হলেও মেয়ে সানজিদা হাসপাতালে লাইফ সাপোর্টের আওতায় রয়েছেন।
রোববার দুপুরে ওয়ারেন সিটির রায়ান সড়কের টেন মাইল ট্রাফিক পয়েন্টের পাশে এই সড়ক দুর্ঘটনা ঘটে, ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া গুরুতর আহত অবস্থায় উক্ত প্রবাসীর দুই সন্তানকে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে স্থানীয়রা জানান, ট্রাফিক পয়েন্টের পাশে বামদিকে মোড় নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। এসময় অপর গাড়ির চালক ও তার এক সঙ্গী আহত হন। তারাও প্রবাসী বাংলাদেশি। এদিকে সড়ক দুর্ঘটনার কারণ ওয়ারেন সিটি খতিয়ে দেখছে পুলিশ।
নিহত প্রবাসী জাহাঙ্গীর আলী সাজুর গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটে। ব্যবসায়ী সাজু চার বছর আগে সপরিবারে আমিরিকায় যান। তিনি বাস করতেন মিশিগানের ওয়ারেন সিটিতে।
এদিকে,মঙ্গলবার বাদ যোহর ডেট্রয়েট সিটির মসজিদ নুরে জাহাঙ্গীরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মিশিগানের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















