মদিনায় পর্যটকদের সেবা প্রদানে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৫৯টি আবাসিক হোটেল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নিয়মিত পরিদর্শনের সময় এই হোটেলগুলোতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
সৌদি সংবাদমাধ্যম ওকাজের বরাত দিয়ে গালফ নিউজের খবরে বলা হয়েছে, বন্ধ হওয়া হোটেলগুলো যদি তাদের ভুল সংশোধন না করে, তাহলে এগুলো বন্ধই থাকবে।
সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্স ছাড়া কোনো হোটেল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যদি কেউ এই আইন ভঙ্গ করে তাহলে হোটেল বন্ধ কিংবা ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা অথবা উভয় সাজাই দেওয়া হতে পারে।
সম্প্রতি মদিনা শহরে আবাসিক হোটেলে পর্যটকদের কীভাবে সেবা প্রদান করা হয়- তা পরিদর্শনের উদ্যোগ নেয় দেশটির পর্যটন মন্ত্রণালয়। এতে ১ হাজার ২৫১টি হোটেলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।
পবিত্র রমজানকে সামনে রেখে এ অভিযান পরিচালনা করা হয়। রমজানে দেশটিতে মুসল্লিদের আগমন বাড়বে। এজন্য তাদের সমস্যা লাঘবে আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গত মাসে সৌদি কর্তৃপক্ষ অনিয়মের দায়ে ৩৩০টি হোটেল বন্ধ করে দেয়। ২০৩০ সালের মধ্যে সৌদি আরবে যেন ১৫ কোটি মানুষ ভ্রমণ করে, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















