হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি টাকার সোনা পাচারের সময় চার যাত্রীকে গ্রেপ্তার করেছে এনএসআই-কাস্টমস-এপিবিএনের যৌথ অপারেশন টিম। তাদের কাছ থেকে ২ কেজি ১০৪ গ্রাম সোনার বার এবং স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। জব্দ করা সোনার বাজারমূল্য প্রায় এক কোটি ৭৪ লাখ টাকা।
আটক যাত্রীদের মধ্যে পটুয়াখালী জেলার জুয়েল হোসেন, মুন্সিগঞ্জের ইব্রাহিম খলিল ও আব্দুল কাদির এবং খোরশেদ আলম গাজীপুরের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ২১ ফেব্রুয়ারি ভোরে দুবাই থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইটের যাত্রীদের নজরদারিতে রাখে। এনএসআই-এপিবিএন-কাস্টমসের একটি যৌথ অপারেশন টিম গ্রিন চ্যানেল এবং এর বাইরে অপেক্ষায় ছিল। সেখানে ৪ যাত্রীকে থামানো হয়।
যাত্রীদের তল্লাশি করলে তাদের প্রত্যেকের জামায় বিশেষ কায়দায় লুকানো ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, একটি করে গোল্ড বার ১১৬ গ্রাম এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলঙ্কার পাওয়া যায়। জিয়াউল হক আরও জানান, প্রত্যেক যাত্রীই একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন। সবার কাছেই ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া গেছে। আটক যাত্রীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার পর থানায় হস্তান্তর করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















