হাটহাজারী পৌরসভায় একটি বিল্ডিংয়ের বাউন্ডারি দেওয়াল টপকে ভেতরে ঢুকে কক্ষের তালা ভেঙে প্রবাসী ফরহাদেরসহ মোট দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চুর চক্র।
মঙ্গলবার বিকালের দিকে নিকটস্থ হাটহাজারী মডেল থানায় এ ঘটনায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এর আগে গত সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পৌরসদরের দেওয়াননগর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফতেপুর ইউনিয়নের পশ্চিম পট্টি এলাকায় বাড়ি করে থাকা মৃত চাঁন গাজীর পুত্র সৌদি প্রবাসী ফরহাদ ৭/৮ দিন পূর্বে দেশে এসে তার বন্ধু মো.আলী মর্তুজার কাছ থেকে একটি লাল রংয়ের টিভিএস রাইডার রেজিঃ নং- চট্টমেট্রো-হ-২২-২৯৫৫) নেন।
ঘটনারদিন রাতে তার এবং ওই বিল্ডিংয়ের ভাড়াটিয়া মো.মামুন উদ্দীনের কালো ও ধূসর বর্ণের রেজি. নাম্বার চট্টমেট্রো-হ-২০-৪৩৩০ টিভিএস মোটরসাইকেলটিসহ ২টি মোটরসাইকেল প্রতিদিনের মতো রাত আনুমানিক ১০ টার দিকে গত ৩/৪ বছর পূর্বে ক্রয় করা পৌরসভার ০৩নং ওয়ার্ডস্থ পূর্ব দেওয়ান নগরের ১নং পিডিবি সাব স্টেশনের পূর্ব পাশের “গাজী নূর ভবন” এর বাউন্ডারির ভেতর দারওয়ানের কক্ষে লক করে কক্ষের দরজায় এবং গেইটে তালা লাগিয়ে যে যার রুমে চলে যায়।
পরদিন মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঘুম থেকে উঠে বাসা থেকে নিচে দেখা যায় কক্ষের দরজার এবং গেইটের তালা ভাঙ্গা। সাথে সাথে দৌঁড়ে গাড়ী রাখা কক্ষে গিয়ে দেখেন সেখানে রাখা মোটরসাইকেলগুলো নাই। পরে বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, অজ্ঞাতনামা মুখ বাধা ২ চোর বিল্ডিংয়ের দেওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে কক্ষের ও গেইটের দরজার তালা এবং গাড়ি ২টির লক ভেঙ্গে নিয়ে গেছে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভিকটিম প্রবাসী ফরহাদ ও মামুন বৃহস্পতিবার বিকালের দিকে প্রবাস টাইম কে জানান, যেভাবে বাউন্ডারির ভেতর ঢুকে, সিসি ক্যামেরার তার কেটে, কক্ষের ও গেইটের তালা ভেঙে নিখুঁত ভাবে দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেলো তাতে বুঝা যাচ্ছে এরা পেশাদার চুর চক্র। তারা এ ঘটনার সুষ্ঠু বিচারও দাবী করেছেন।
প্রবাসী ফরহাদের কাজিন লোকমান প্রবাস টাইম কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফরহাদের জন্মস্থান রাউজানে। তবে ফতেপুর ইউনিয়নে বাড়ি করে এখানেই আছেন দীর্ঘদিন ধরে। এ ঘটনায় মডেল থানায় অভিযোগ করেছে তারা। পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গেছেন।
জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শন করা মডেল থানার উপ-পরিদর্শক সুমন প্রবাস টাইম কে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ওই চক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনার ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















