স্বাস্থ্য, নবায়নযোগ্য জ্বালানি ও খনিজ সম্পদ খাতে কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আমিরাত ও সৌদি। রোববার আবুধাবি ডায়লগের দ্বিতীয় দিনে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বৈঠকে দক্ষ শ্রমিক নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়।
এসময় শ্রমিক রফতানিতে বৈশ্বিক মানদণ্ড অনুসরণে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়া দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ কর্মশালাসহ নানা প্রস্তুতি নেয়া আছে বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে সৌদি ও বিকেলে আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।
তিনি বলেন, বৈঠকে দারুণ সাড়া পেয়েছে বাংলাদেশ। তারা সবসময় বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে আগ্রহী। তবে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে তাদের কিছু পরামর্শ রয়েছে। সে বিষয়গুলোতে এখন জোর দেয়া হবে।
এদিকে আবুধাবি ডায়ালগে দুই দিনের আলোচনা শেষে একটি খসড়া প্রকাশ করা হয়েছে। শ্রমিক প্রেরণকারী ও শ্রমিক গ্রহণকারী দেশগুলোর অংশগ্রহণে আলোচনার মাধ্যমে এই খসড়া তৈরি করা হয়। এর ভিত্তিতে আগামী দুই মাস পর ডিক্লেরাশেন বের হবে।
যেখানে শ্রমিক পাঠানো দেশগুলো কীভাবে কাজ করবে, তাদের দক্ষ শ্রমিক প্রস্তুত, প্রশিক্ষণের ব্যবস্থা কি হবে এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্রমিক সরবরাহের বিষয়টি ঠিক করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















