দীর্ঘ নয় বছর বিরতির পর আবারও ইতালির রোমে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম গণমাধ্যমকে বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা–রোম রুটের সরাসরি ফ্লাইট চালু হবে। প্রাথমিক অবস্থায় এ রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান।
তিনি বলেন, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার দিয়ে ঢাকা থেকে ৯ ঘণ্টায় রোমে পৌঁছাবে ফ্লাইটটি।
সমীক্ষা অনুযায়ী, ইতালিতে নিয়মিতভাবে বসবাস করছেন এক লাখ ৫০ হাজার ৬৯২ জন বাংলাদেশি। যাদের অনেকেই বছরে একাধিকবার বাংলাদেশে আসা–যাওয়া করেন। তবে ঢাকা–ইতালি রুটে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের মাধ্যমে বিপুল বাংলাদেশি যাত্রী পরিবহন করে আসছে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইনসগুলো।
এর আগে অব্যাহত লোকসানের কারণেই ২০১৫ সালের এপ্রিলে রোম রুটের সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আসন সক্ষমতার তুলনায় গড়ে ৪০ শতাংশের বেশি যাত্রী না মেলায় সে সময় প্রতি ফ্লাইটে প্রায় এক কোটি টাকা লোকসান দিত বিমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















