অবৈধভাবে বসবাসকারী প্রবাসী কর্মীদের বিরুদ্ধে অভিযানে জোর দিচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। সেই অভিযানের অংশ হিসেবে গতকাল মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের জালান তোক জেম্বলের একটি মাঠে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ৫৯ জন প্রবাসী কর্মীকে আটক করা হয়েছে।
নিজ নিজ কাজ শেষে নিয়মিত খেলাধুলা করতে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের জালান তোক জেম্বলের একটি মাঠে যেতেন ৬০-৬৫ জন প্রবাসী কর্মীর একটি দল। কিন্তু স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেই মাঠে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ৫৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে স্থানীয় অভিবাসন বিভাগ।
স্থানীয় সময় রোববার (১৪ জানুয়ারি) তেরেঙ্গানু অভিবাসন বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তেরেঙ্গানু অভিবাসন বিভাগের পরিচালক আজহার আবদুল হামিদ।
তিনি জানান, জালান তোক জেম্বলের মাঠে বিদেশিদের বড় একটি দল ফুটবল ম্যাচের আয়োজন করেছে বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাই। তারপর অভিযান চালানো হয়। অভিযানের সময় কিছু বিদেশি খেলোয়াড় মাঠে ফুটবল খেলছিল, অন্যরা দর্শক হয়ে খেলা উপভোগ করেছিলেন।
অভিযানের সময় জার্সি পরিহিত কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) ও সড়ক পরিবহন বিভাগের (জেপিজে) সহযোগিতায় কর্মকর্তা ও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মীরা এলাকাটি ঘিরে ফেললে তাদের আটক করতে সক্ষম হয়।
আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মোট ৫৯ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে বৈধ ট্রাভেল ডকুমেন্ট না থাকায় ২০ থেকে ৫০ বছর বয়সী তিন বাংলাদেশি ও মিয়ানমারের ১০ জনকে আটক করা হয়েছে।
দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি) ধারা অনুযায়ী, আটকদের সবাইকে আরও অধিকতর তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
এদিকে, দেশটিতে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে আরটিকে ২.০ নামের একটি বৈধকরণ প্রকল্প চালু করা হয়, যা শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। এ সময়ের মধ্যে যেসব অনিয়মিত অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন, তাদের আগামী ৩১ মার্চের মধ্যে আবেদনগুলোর যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে নিয়োগকর্তাদের বলা হয়েছে।
আবেদন যাচাই শেষে যেসব বিদেশি কর্মী ভেরিফিকেশন প্রক্রিয়ায় বাদ পড়বেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও অভিবাসন বিভাগ থেকে বলা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















