মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আবাসন ও চাকরিবিধি লঙ্ঘনকারী প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গত ১১ দিনে দেশটি থেকে প্রায় দেড় হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
দেশটির একটি নিরাপত্তা সূত্র বলেছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার সমন্বিত পদক্ষেপের মাধ্যমে গত কয়েক দিনে ১ হাজার ৪৭০ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।
কুয়েত সরকারের অবৈধ ও আইন লঙ্ঘনকারী প্রবাসীদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে বর্তমানে গ্রেপ্তার অভিযান চলছে বলে সূত্রটি জানিয়েছে। কুয়েতের সব অঞ্চলে আইনশৃঙ্খলাবাহিনীর এই অভিযান অব্যাহত আছে।
গত ১০ দিন ধরে কুয়েতের আবাসনবিষয়ক তদন্ত বিভাগ আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। এই অভিযানে প্রায় ৭০০ জনকে আটক করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। কুয়েতের আবাসন ও কর্মসংস্থান আইন লঙ্ঘনের ঘটনা গত বছরের তুলনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দেশটিতে ৪০ হাজারের বেশি প্রবাসীকে আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়। আর চলতি বছরের গত কয়েক দিনেই প্রায় ৪০ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গত বছর ৪২ হাজার ৮৫০ জন অভিবাসীকে গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















