যাত্রীসেবায় স্মার্ট যুগে প্রবেশ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এরই মধ্যে চালু করা হয়েছে ২৪ ঘণ্টার হটলাইন কল সেন্টার। এ ছাড়া আধুনিক ডায়নামিক ওয়েবসাইট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যারসহ আরও বেশ কিছু নতুন সেবা যুক্ত হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা ঘরে বসেই ফ্লাইটের সময়সূচি, মালপত্র হারিয়ে গেলে অভিযোগ দেওয়া, উদ্ধারসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা পাচ্ছেন। সবার কাছ থেকে মতামত জানতে, অভিযোগ শুনতে এবং প্রয়োজনীয় তথ্য প্রদানে অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে। দ্রুত তথ্য দেওয়া এবং সমস্যার সমাধানে একদল তরুণ সদস্যের সমন্বয়ে গড়া হয়েছে কোঅর্ডিনেশন টিম।
দেশের প্রধান বিমানবন্দরে এমন সেবা পেয়ে খুশি যাত্রীরা। অথচ কিছুদিন আগেও এই বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে ছিল অভিযোগের পাহাড়। তথ্য পাওয়ার তেমন ব্যবস্থাও ছিল না। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে যাত্রীসেবা এবং জবাবদিহি নিশ্চিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন হটলাইন নম্বর ১৩৬০০-এর মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে ২৪ ঘণ্টা সেবা পাওয়া যাচ্ছে। আর লং কোড ব্যবহার করে দেশ ও বিদেশ থেকে যে কেউ কল করে বাংলা ও ইংরেজিতে কল সেন্টার প্রতিনিধিদের কাছ থেকে তথ্য পাচ্ছেন।
নিজের অভিজ্ঞতা নিয়ে তৌফিক হাসান নামে এক প্রবাসী জানান, সম্প্রতি তিনি মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছানোর পর ব্যাগ খোয়া যায়। তাৎক্ষণিক তিনি বিমানবন্দরের কল সেন্টারের মাধ্যমে কর্তৃপক্ষকে জানান। পরে তাঁর মোবাইলে খুদে বার্তায় বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্টের নম্বর আসে। এর পর তিনি ওই বিভাগকে বিষয়টি জানান।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, যাত্রী তৌফিকের ব্যাগ হারানোর বিষয়টি বিমানবন্দর কোঅর্ডিনেশন টিমের সদস্যরা পর্যবেক্ষণে রাখেন। দু’দিন পর ব্যাগটি পাওয়া গেলে বিমানবন্দর থেকে তাঁকে ফোন করে নিয়ে যেতে বলা হয়। তিনি ব্যাগ ফিরে পেয়ে খুবই খুশি হন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















