২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, মালয়েশিয়া ৩৫,৮০২ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা জানা যায়নি।
গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানী কুয়ালালামপুর কোতারায়া কমপ্লেক্সে বিশেষ অভিযানের পর অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ সাংবাদিকদের এ তথ্য জানান।
কোতারায়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসীকে আটক করা হয়।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ নারী ও ১১৫ পুরুষ রয়েছেন। সাত মাস থেকে ৭০ বছর বয়সী আটক সবাইকে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মাসে দেশটিতে অভিবাসন নিয়ন্ত্রণে ৯ হাজার ১৬৪টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে এক লাখ তিন হাজার ১২৪ অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৫৮ হাজার ৭৭৪ বিদেশির বৈধ কাগজপত্র ছিল না। এছাড়াও, ২৮৯ নিয়োগকর্তাকে অবৈধ অভিবাসন কাজে সহায়তা করার অভিযোগে আটক করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















