কনস্যুলার সেবা সংক্রান্ত বিষয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওমানের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার দূতালয় প্রধানের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আগামী ২২ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সালালা সফর করবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। দীর্ঘ ৪ দিন সালালাহ ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসীরা এমআরপি রি-ইস্যু, নতুন এমআরপি আবেদন, ই-পাসপোর্টসহ দূতাবাসের অন্যান্য কনস্যুলার সেবা নিতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে সালালাহ প্লাজা হোটেল, সালালায় অবস্থান করবে দূতাবাসের ভ্রাম্যমাণ টিম। ২২ থেকে ২৪ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং ২৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত সেবা কার্যক্রম চলমান থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রবাসীদের সাথে করে অনলাইন আবেদনের কপি, অনলাইন জন্ম নিবন্ধন বা পরিচয়পত্র, পূর্বের এম আর পি পাসপোর্ট এবং রেসিডেন্স আইডি সঙ্গে নিয়ে সশরীরে উপস্থিত থাকতে হবে। এছাড়া মেশিন রিডেবল পাসপোর্ট রিইস্যুর জন্য পুরাতন পাসপোর্ট এবং সিভিল আইডির কপি সঙ্গে নিতে হবে।
আর শুধুমাত্র ওমানে জন্ম নেয়া বাংলাদেশি নাগরিকের জন্য জন্ম নিবন্ধনের আবেদন করা যাবে। এজন্য অনলাইন আবেদনের কপির সাথে ওমানের জন্ম কিংবা চিকিৎসা সনদ ও পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি বা পাসপোর্ট সঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। জন্ম সনদের ফি ধরা হয়েছে ২ রিয়াল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















