নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে, বিদেশের বাংলাদেশ দূতাবাসে মেইল পাঠানোর পর বিএমইটির কাছে জবাব পাঠানোর ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
গত বুধবার (২৯ নভেম্বর) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) সালেহ আহমদ মোজাফফর স্বাক্ষরিত একটি চিঠি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমদ মুনিরুছ সালেহিনের কাছে পাঠানো হয়।
ওই চিঠিতে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা বিধিমালা ২০১৭ এ অভিবাসীর চাহিদাপত্র মিশন বা দূতাবাস কর্তৃক সত্যায়িত করার বিধান রয়েছে। বিধান অনুযায়ী চাহিদাপত্র সরকার কর্তৃক অনুমোদিত অথবা দূতাবাস কর্তৃক সত্যায়নের প্রেক্ষিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অভিবাসীদের বহির্গমন ছাড়পত্র প্রদান করে থাকে।
সিনিয়র সচিবের কাছে দেয়া ওই চিঠিতে আরো বলা হয়েছে, অভিবাসন নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত করার লক্ষ্য রিক্রুটিং এজেন্সি, নিয়োগকর্তা বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক মিশন বা দূতাবাসগুলোতে ই-মেইল এর মাধ্যমে চাহিদাপত্র সত্যায়নের নিমিত্তে যোগাযোগ করা হলে দ্রুততম সময়ের মধ্যে চাহিদাপত্রগুলো সত্যায়ন করে বিএমইটি দাফতরিক ই-মেইলে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মতামত তুলে ধরা হয়।
তাই নিরাপদ অভিবাসনের স্বার্থে বিদেশের বাংলাদেশ দূতাবাস/মিশনে মেইল প্রেরণের পর দ্রুততম সময়ের মধ্যে বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকর্তা কর্তৃক প্রেরিত ই-মেইলের উত্তর বা জবাব বা সত্যায়ন বিদেশের মিশন বা দূতাবাস থেকে প্রেরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।
গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র বন্ধের কারণে কানাডা, ইতালিসহ ইউরোপের শ্রমবাজার বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিবেদনটিতে বিষয়টির গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করা হয়। এরপরই বিএমইটির ডিজি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















