শক্তিশালী ঘূর্ণিঝড় তেজের প্রভাবে বাস ও ফেরি সেবা বন্ধ করেছে ওমানের জাতীয় পরিবহন কোম্পানি মোওয়াসালাত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশকিছু রুটে পরিবহন সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। বলা হয়েছে, রোববার দুপুর ১২টা থেকে সালালার সিটি বাস রুট, মাস্কাট- হাইমা- সালালা রুট, মাস্কাট-মাইমা হয়ে সালালা রুটের বাস সেবা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া আল হালানিয়াত থেকে তাগাহ এবং শান্নাহ- মাসিরাহ রুটে ফেরি চলাচলও বন্ধ থাকবে। চলমান বৈরি আবহাওয়ায় যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়।
এদিকে আবহাওয়া বিপর্যয়ের কারণে ২ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান। ধোফার ও আল উস্তার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এই ছুটি প্রযোজ্য হবে। আবহাওয়া বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ওমান সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় তেজ ক্যাটাগরি চারে রূপ নিয়ে উপকূল থেকে ৫০০ কিলোমিটার গভীরে অবস্থান করছে। যা আরও শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে ধোফারের পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে। রোববার সন্ধ্যায় আঘাত হানার কথা থাকলেও সোম ও মঙ্গলবার ২০০ থেকে ৫০০ মিলিমিটারের ভারী বৃষ্টিপাত ওয়াদি ও নিম্নাঞ্চলে প্লাবন ও আকস্মিক বন্যা সর্বাত্মক বিপর্যয় তৈরি করবে। পাশাপাশি বাতাসের গতিবেগ থাকবে ১২০ থেকে ১৫০ কিলোমিটার। একইসাথে নিম্নচাপের কারণে সময় বাড়ার সাথে সাথে সমুদ্র আরও উত্তাল হতে থাকবে।
অপরদিকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ওমান। নিরাপত্তা সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য দেশটির সিভিল ডিফেন্স ও এ্যাম্বুলেন্স অথোরিটির তরফ থেকে একাধিক টিম মাঠে নামানো হয়েছে। জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স, উদ্ধার অভিযানে ব্যবহৃত যানবাহন, উদ্ধারকারী নৌকা এবং বণ্যার পানি নিষ্কাশনে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতিও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রবি ও সোমবার ধোফারের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। পূর্ভাবাস অনুযায়ী, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের দিকের সময়ে ওমানের ধোফার হয়ে ইয়েমেনের মাহরা অঞ্চল অতিক্রম করবে তেজ।
এদিকে ক্ষয়ক্ষতি মোকাবেলায় ধোফারে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের সালালাহ, মিরবাত, সাদাহ ও আল উস্তায় প্রস্তুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















