স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ফিলিস্তিনের হাসপাতালে ইসরায়েলের বোমা হামলায় হতাহত অসুস্থ-অসহায় মানুষকে চিকিৎসাসেবা ও জরুরি ওষুধ সামগ্রী পাঠাতে তাকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে টেলিফোনে প্রধানমন্ত্রী তাকে এ নির্দেশনা দিয়েছেন বলে জানান জাহিদ মালেক।
বুধবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
ফিলিস্তিনে ওষুধ সামগ্রী পাঠানো প্রসঙ্গে জাহিদ মালেক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের কষ্ট বোঝেন, ইসরায়েলের হামলায় হতাহত নারী-শিশুদের বেদনা অনুভব করছেন তিনি তার নিজের জীবনের হতাহতের ক্ষত থেকে। শিশু রাসেলের হত্যায় কী বেদনা হয়েছে সেটি প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন। এজন্যই বিশ্ব পরাশক্তিদের রক্তচক্ষু উপেক্ষা করেও তিনি (প্রধানমন্ত্রী) ফিলিস্তিনের নিরীহ অসহায় মানুষের জন্য কথা বলছেন, তাদের চিকিৎসা সহায়তায় হাত বাড়িয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী সভায় উপস্থিত স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা অতি দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফিলিস্তিনের আহত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দিতে চাই। এক্ষেত্রে দ্রুততম সময়ে ওষুধ সামগ্রী পাঠাতে আমাদের সামর্থ্যের মধ্যে সম্ভব সব চেষ্টাই করতে হবে।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামালা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা হামলা চালায়।
এ সংঘাত চলাকালে গতকাল গাজার একটি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে। হামলার শিকার ওই হাসপাতালের পরিস্থিতি বর্ণনাতীত। ধবংসস্তূপে ছেয়ে গেছে হাসপাতালের বাইরের সড়ক। সেখানে সারি সারি মৃতদেহ ও ধবংসপ্রাপ্ত যানবাহনও পড়ে রয়েছে।
গাজার হাসপাতালে বিমান হামলায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















