শ্রমবাজারের ঘাটতি পূরণে অনিয়মিত অভিবাসীদের নিয়মিত হওয়ার সুযোগ দেয়ার কথা ভাবছে গ্রিস। মঙ্গলবার দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী দিমিত্রিস কাইরিদিস এ কথা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, অনিয়মিত অভিবাসীদের আগমনের হার বেড়ে গেলেও শ্রমবাজারের শূন্যতা পূরণ করতে অনথিভুক্ত এবং মেয়াদোত্তীর্ণ রেসিডেন্স পারমিটধারীদের নিয়মিত করার কথা ভাবছে গ্রিস সরকার।
দেশটির রাষ্ট্রীয় বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, কৃষি, নির্মাণ ও পর্যটন শিল্পে কর্মী সংকট দূর করতে অন্তত তিন লাখ অনথিভুক্ত এবং মেয়াদোত্তীর্ণ রেসিডেন্স পারমিটধারীদের বৈধতা দেয়া হতে পারে। অভিবাসনমন্ত্রী জানান, তারা কর্মসংস্থান তৈরির মাধ্যমে শ্রম ঘাটতি মেটাতে চান।
কাইরিদিস বলেছেন, কর্মী সংকটে গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতে একটি পাতাল রেল নির্মাণ এবং ক্রিটে দ্বীপে নতুন বিমানবন্দর নির্মাণসহ কয়েকটি জনসংশ্লিষ্ট প্রকল্প ধীর গতিতে এগোচ্ছে। তুরস্ক হয়ে অভিবাসী আসার হার যখন বেড়ে গেল, তখনই এমন পরিকল্পনার কথা জানাল গ্রিস সরকার। এমনকি, মঙ্গলবারও গ্রিসের পূর্বাঞ্চলীয় দুটি দ্বীপ থেকে শখানেক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিককালে অভিবাসী আগমনের হার বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি আর্থিক সহায়তা চেয়েছে গ্রিস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















