নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। যুবরাজ আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করেন। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে।
ভারতের নয়াদিল্লিতে রোববার সকালে জি-২০ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্রাউন প্রিন্স সালমানের সঙ্গে শেখ হাসিনার অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। সৌদি যুবরাজ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেন।
প্রিন্স সালমান পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর ও এসিইউডব্লিউএ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, ‘প্রায় ২৮ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি কঠোর ও যথাযথ পরিশ্রম দিয়ে সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে সৌদি আরবকে সমর্থন করার জন্যও শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সালমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরবে বেশ কয়েকটি সামাজিক সংস্কার শুরু ও অর্জন করা এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য সৌদি যুবরাজকে অভিনন্দন জানান। শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। যুবরাজ সালমান তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















