চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক প্রবাসীকে লুকিয়ে আনা প্রায় আধা কেজি (৫৩৭) গ্রাম ওজনের স্বর্ণসহ আটক করা হয়েছে। এসময় মোহাম্মদ রেজাউল করিম নামে একজনকে আটক করা হয়। রবিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে স্বর্ণ জব্দ করেন।
আটক রেজাউল করিমের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। তার বাবার নাম আবুল হোসেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টা ৫৮ মিনিটে দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫৬৩ ফ্লাইটে করে দুবাই থেকে আসেন রেজাউল করিম। গোপন সংবাদ থাকায় তার ব্যাগ তল্লাশি করে ২৪ ক্যারেটের ১১৬ দশমিক ৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, ২৪ ক্যারেটের ৮৮ গ্রাম ওজনের তিনটি রিং, ২৪ ক্যারেটের ২৩৩ গ্রাম ওজনের দুটি স্বর্ণের দণ্ড, ২২ ক্যারেটের একশ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়।
এগুলো ফ্রাইপ্যানের হাতল ও পারফিউমের বোতলের মুখে লুকিয়ে পাচারের চেষ্টা করেন তিনি। এ ছাড়াও তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও সিগারেট জব্দ করা হয়। স্বর্ণসহ জব্দ করা মালামালের বাজার মূল্য ৪৭ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা।
অভিযুক্ত যাত্রী সোনার পিণ্ড ও রিং সদৃশ সোনা ফ্রাইপেনের হাতলের ভেতরে এবং বডি স্প্রের মুখে বিশেষভাবে লুকিয়ে এনেছেন বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন। এ ঘটনায় দুবাইফেরত যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















