শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্যাপক ধরপাকড় চলছে ওমানে। ইতিমধ্যেই ২২২ জন প্রবাসীর ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। দেশটির শ্রম আইন অনুযায়ী উক্ত প্রবাসীদের ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে মন্ত্রণালয়।
বুধবার (২৪ মে) মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, ১৪ মে থেকে ২২ মে নাগাদ মাস্কাটের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৪২ জন প্রবাসী বিভিন্ন শ্রম আইন লঙ্ঘন করেছেন এবং বাকি ৯১ জন তাদের নিয়োগকর্তাকে ছেড়ে অন্য জায়গায় কাজ করতেন।
গ্রেফতার কৃতদের মধ্যে অনেকেই পতিতাবৃত্তি, মাদক ও চোরাচালানের সাথে জড়িত ছিলো বলে জানাগেছে সূত্রে। সকল প্রবাসীকে ওমানের শ্রম আইন মেনে চলতে বলা হয়েছে। একইসাথে সব নিয়োগকর্তাকেও শ্রম আইনের বিধান মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, ওমান থেকে একাধিক প্রবাসী আমাদের জানিয়েছেন, ওমানে নিয়ে কাজ না দিয়ে বসিয়ে রাখা হচ্ছে। মাস শেষে বেতনও দেওয়া হচ্ছেনা। আবার অবৈধভাবে ভিন্ন নিয়োগকর্তার অধীনে কাজ করতে চাপ প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ সাপ্লাই কোম্পানির অধীনে কাজ করতে অনেক প্রবাসীকে চাপ প্রয়োগ করছেন তার নিয়োগকর্তা এমন অভিযোগ অসংখ্য প্রবাসীর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















