করোনার আগে প্রতিবছর একসঙ্গে ২৫ লাখ মানুষ হজ পালন করতে পারলেও করোনার কারণে গত দুটি বছর অনেকেই হজ করতে পারেননি। এখন যেহেতু আর কোনো বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা নেই, তাই ধারণা করা হচ্ছে, এবছর পবিত্র মক্কায় হাজিদের উপচে পড়া ভিড় দেখা যাবে। আর তাই, হাজীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে সৌদি সরকার।
এরই মধ্যে পবিত্র হজের মৌসুমে হাজিদের সহায়তায় পার্ট টাইম কাজের সুযোগ করে দিয়েছেন প্রবাসীদের জন্য। হাজীদের প্রয়োজন মেটাতে পার্ট টাইম কাজ করতে পারবেন প্রবাসীরা। যেসব হজ এজেন্সি সৌদি আরবে হাজিদের সকল ব্যবস্থা করে দেয় সেসব এজেন্সি অস্থায়ী ভিত্তিতে প্রবাসীদের নিয়োগ দিতে পারবে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি নাগরিকদের সাময়িক কাজের জন্য আজির পোর্টালের মাধ্যমে অনুমোদন নিতে হবে। মূলত এই পোর্টালটি চাকরির বাজার পূরণে সহায়তা করে এবং বিদেশ থেকে কর্মী নিয়োগের পরিবর্তে সৌদি আরবের জনশক্তি ব্যবহার করে।
সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী সবাই হজ মৌসুমে অস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারবেন। তবে কিছু শর্ত রয়েছে, তা হলো সৌদির নাগরিকের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। আর যেসব প্রবাসী কাজ করতে আগ্রহী তাদের অবশ্যই সৌদি আরবের কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে এবং হজের সময় অস্থায়ীভাবে কাজ করার জন্য ওই প্রতিষ্ঠানের অনুমতি লাগবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















