ওমানে অব্যাহত রয়েছে ভারী বর্ষণ। বৃষ্টিপাতের কারণে বেশকিছু অঞ্চলে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। জলাবদ্ধতায় আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজ করছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এতে আহত হয়েছেন আরো অনেকেই। শনিবার (২৯ এপ্রিল) দেশটির আবহাওয়া অফিসের ১১ নং সতর্ক বার্তায় বলা হয়, ওমানের উত্তর ও দক্ষিণ আশ শারকিয়া প্রদেশ এবং মাস্কাটে বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রবল এই ভারী বর্ষণ ঘন্টায় ২০ থেকে ৫০ মিমি পর্যন্ত হতে পারে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে সতর্কতা সংকেত জারি করেছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি। সতর্কবার্তায় উপত্যকা অতিক্রম না করা ও নিচু এলাকা এড়িয়ে চলা এবং গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি।
এদিকে, আশ শারকিয়া প্রদেশে গত দুইদিন যাবত নিখোঁজ এক নাগরিকের অনুসন্ধানে কাজ করছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। একটি ওয়াদির তীব্র স্রোতে ভেসে যান এই নাগরিক। পানিতে তলিয়ে যাওয়া আরো দুইজনের মরদেহ উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত উক্ত ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















