সৌদি আরবের দাম্মাম শহরে নাইট ডিউটি করার সময় গ্যাসের ট্যাংক বিস্ফোরণে ঘটনার স্থলেই আব্দুল্লাহ আল মাসুম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত সৌদি আরব সময় রাত ১১টার বাংলাদেশ সময় রাত ২টার দিকে। নিহত মাসুম কটিয়াদী উপজেলার পার্শ্ববর্তী পাকু্ন্দিয়া উপজেলার পাটুয়াভাংগা ইউনিয়নের রূপসা গ্রামের মো. আব্দুল কাদিরের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের দাহাম শহরের একটি কোম্পানিতে চাকরি করতেন মাসুম। পরিবারে সচ্ছলতা ফেরাতে আট মাস আগে দেশ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মাসুম। সেখানে গিয়ে তিনি কাজ করে বাড়িতে টাকা পাঠানোও শুরু করেছিলেন। তাঁকে ঘিরে স্বপ্ন বুনছিল পরিবার। কিন্তু সুখ সইল না। বৃহস্পতিবার সকালে সৌদি থেকে সহকর্মী রুবেল মিয়া মাসুমের বাড়িতে মুঠোফোনে কল করে তার মৃত্যুর খবর জানান।
মৃত্যুর খবর পাওয়ার পর থেকে বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের বাবা আব্দুল কাদির বলেন, আট মাস আগে বড় ছেলে মাসুমকে সৌদি আরবে পাঠায়েছি। এর পর থেকে নিয়মিত সেখানে কাজ করে বাড়িতে টাকা পাঠাতে শুরু করেন মাসুম। আজ সকালে মাসুমের রুমমেট মোবাইল ফোনে জানায় রাতে নাইট ডিউটিরত অবস্থায় গ্যাসের ট্যাংক বিস্ফোরণে ঘটনার স্থলেই সে মারা যায়। তিনি আরও বলেন, দ্রুততম সময়ে যেন আমার ছেলের লাশটি গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয় সরকার ও সংশ্লিষ্টদের প্রতি—এই দাবি জানাই।
আরো দেখুন:
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















