কুমিল্লার দেবিদ্বারে পরকীয়া প্রেমের অভিযোগে বাহরাইন প্রবাসী ব্যক্তি ও এক গৃহবধূকে প্রায় ৯ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে বাড়ির লোকজন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাবরী মিয়ার বাড়িতে।
এরপর সালিশে গৃহবধূকে এক কাপড়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, প্রায় ২-৩ বছর যাবৎ গৌরসার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে বাহরাইন প্রবাসী নূরুল হকের (৪০) সঙ্গে মোহাম্মদপুর গ্রামের বাহরাইন প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী রোকসানা (৩৮) বেগমের পরকীয়া চলছিল।
মঙ্গলবার ভোর ৩টায় রোকসানা নূরুল হককে মোবাইল ফোনে তার ঘরে ডেকে নেয়। নূরুল হক বাড়ি থেকে বের হলে তার বড় ভাই মো. এনামুল হক তাকে অনুসরণ করে ওই বাড়ি আসেন। তিনি রোকসানার দাদা শ্বশুর বাবরী মিয়াকে ডেকে এনে দু’জনকে ঘরে তালাবন্দি করেন।
পরে বাড়ির লোকজন এসে পরকীয়ার অভিযোগে আটক যুগলকে প্রায় ৯ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বসানো হয়। সালিশে রোকসানার স্বামী বাড়ি এলে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সাব্যস্ত হয়।
এরপর রোকসানাকে এক কাপড়ে বাবার বাড়িতে এবং নূরুল ইসলামকে তার ভাই ও স্বজনদের জিম্বায় ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে ইউপি মেম্বার আবুল কালাম জানান, এ বিষয়ে সালিশ করার এখতিয়ার আমাদের নেই। তাই আটকদের যার যার বাবার বাড়িতে পাঠানো হয়েছে। রোকসানার স্বামী প্রবাস থেকে আসার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















