শ্রম আইন ভঙ্গের অভিযোগে ওমানে ২০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পহেলা এপ্রিল দেশটির শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ৩১ মার্চ আল সিব এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম আইন মেনে কাজ করা হচ্ছে কিনা কিংবা প্রবাসী কর্মীরা শৃঙ্খলা ভঙ্গ করছে কিনা তা দেখতে সিব এলাকায় অভিযান পরিচালনা করে শ্রম মন্ত্রণালয়।
এসময় ওমানের আইন লঙ্ঘনের দায়ে ২০ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ, তবে স্থানীয় প্রবাসীদের সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। অস্বাস্থ্যকর পরিবেশে রাস্তায় দোকান বসিয়েছিলো এবং ওমানের আইন লঙ্ঘন করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি মাস্কাটের ফুটপাতে ভ্রাম্যমাণ ব্যবসা সংক্রান্ত একটি নীতিমালা জারী করেছে মাস্কাট পৌরসভা। নতুন এই নিতিমালায় শুধুমাত্র ওমানি নাগরিকদের জন্য রাস্তাঘাটে ভ্রাম্যমাণ ব্যবসার বৈধতা দেওয়া হয়েছে। প্রবাসীরা এখন থেকে আর রাস্তাঘাটে ব্যবসা পরিচালনা করতে পারবেনা।
মাস্কাট পৌরসভা জানিয়েছে, ভ্রাম্যমাণ বিক্রেতাদের ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণের প্রচেষ্টায় এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকার প্রথম শর্ত হচ্ছে শুধুমাত্র ওমানি নাগরিকরা এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এই কাজে কোন প্রবাসীকে নিয়োগ দেওয়া যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















