মাত্র দেড়শো রিয়াল বেতনভুক্ত হলেই একজন প্রবাসী তার পরিবার ওমানে নিতে পারবেন। যদিও কিছুদিন পূর্বে দেশটিতে নিজের পরিবার নেওয়া এক ধরণের স্বপ্ন ছিলো। দেশটির সরকারের এমন সিদ্ধান্তে প্রবাসীরা দারুণ খুশি। তবে, মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এমন প্রবাসীর সংখ্যাও কম নয়। মাস্কাট থেকে শেখ ফাহাদ নামে এক বাংলাদেশি ব্যবসায়ী বলেন, বর্তমানে এমনিতেই ওমানে ব্যবসা বাণিজ্য মন্দা যাচ্ছে, অনেক প্রবাসী কাজ পাচ্ছেনা। আবার কাজ পেলেও ঠিক মত বেতন মিলছেনা। এমতাবস্থায় পরিবার নিয়ে ওমানে চলা অনেকের জন্য দুঃসাধ্য হয়ে যাবে।
এদিকে, মাতরাহ থেকে শাহাদাত হোসেন নামে আরেক প্রবাসী ভিন্ন মত প্রকাশ করেছেন। যিনি পেশায় একজন গৃহ শিক্ষক। ওমান সরকারের এমন সিদ্ধান্তের ফলে তিনি বেশ আনন্দিত। কারণ হিসেবে তিনি বলেন, এতে অনেক প্রবাসী তাদের পরিবার ওমান নিয়ে আসবে। ফলে, তাদের গৃহ শিক্ষকের প্রয়োজন হবে। এতে করে তিনি বেশি টিউশনি করাতে পারবেন।
এদিকে, নতুন এই আইনের ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। এখন প্রবাসীরা খুব সহজেই তাদের স্ত্রী সন্তানদের নিতে পারবেন। আর এতে করে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে ওমান এমনটাই মনে করছেন দেশটির অর্থনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আল ওয়ার্দি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















