সীমান্তে ১৩ লাখ হুন্ডির টাকাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ মাধবখালী বিওপির সদস্যরা বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গার জীবননগর মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে হুন্ডির টাকাসহ ওই চোরাকারবারিকে আটক করে। আটককৃত রাজন আহাম্মদের বাড়ি জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, মাধবখালী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাধবখালী গ্রামের রাজন আহাম্মদ নামে এক চোরাকারবারি ভারতীয় নাগরিকের কাছ থেকে হুন্ডির মোটা অঙ্কের বাংলাদেশি টাকা ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশে নিয়ে আসবে। এ সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল মাধবখালী সীমান্তের ৭৫ নং মেইন পিলারের কাছে ওত পেতে থাকে।

এক পর্যায়ে সীমান্ত থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারি রাজন আহাম্মদকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই চোরাকারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি সদস্যরা ধাওয়া করে সীমান্ত থেকে রাজন আহাম্মদকে আটক করে এবং তার কোমরে লুকানো অবস্থায় হুন্ডির বাংলাদেশি ১৩ লাখ টাকা জব্দ করে।
আটককৃত রাজন আহাম্মদ বিজিবিকে জানিয়েছে, জব্দকৃত টাকা ভারতীয় এক নাগরিক সীমান্তের শূন্য রেখায় তার কাছে দিয়েছে বাংলাদেশের জীবননগর শহরে পৌঁছে দেওয়ার জন্য। জব্দকৃত হুন্ডির টাকাসহ রাজন আহাম্মদকে জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















