মোটরসাইকেলে রেস্তোরাঁয় যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের দুবাইর একটি সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মুহাম্মদ জাহেদ (৪২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কচুখাইন গ্রামের মুহাম্মদ রফিকের ছেলে।
গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় আল খাইয়ুম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জাহেদ গত তিনমাস আগে দেশে ছুটি কাটিয়ে আবুধাবী যান।
এরমধ্যে গত বুধবার সন্ধ্যায় তার কর্মস্থল থেকে মোটরসাইকেলে একটি রেস্তোরাঁয় নাস্তা করতে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহেদের ১২ দিন বয়সী একটি পুত্র সন্তান রয়েছে বলে জানান নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ শাহীন আলম।
নিজের কলিজার টুকরা সন্তানকে দেখতে দেশে আসার কথা থাকলেও অবশেষে কফিনবন্দি হয়ে নিজেই দেশে ফিরছেন! তার এমন মৃততে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















