বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা শোনা এবং সমাধানের জন্য বাংলাদেশ দূতাবাস একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি মাসের শেষ শুক্রবার দূতাবাসের হলরুমে গণশুনানির আয়োজন করা হবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সম্পর্কে সরাসরি অবগত হওয়া, সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং দূতাবাসের সব ধরনের সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। একইসঙ্গে, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিও এই গণশুনানির লক্ষ্য।
দূতাবাস কর্তৃক সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার প্রতি মাসের এই গণশুনানিতে সরাসরি উপস্থিত থাকবেন।
এই ধারাবাহিকতায়, এপ্রিল মাসের গণশুনানি আগামী ২৫শে এপ্রিল, শুক্রবার, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দূতাবাসের হল রুমে অনুষ্ঠিত হবে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই গণশুনানি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আগ্রহী যে কোনো প্রবাসী বাংলাদেশি এতে অংশগ্রহণ করতে পারবেন।
এই উদ্যোগ বাহরাইনে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে, যেখানে তারা সরাসরি দূতাবাসের কর্মকর্তাদের কাছে তাদের সমস্যা ও উদ্বেগের কথা জানাতে পারবেন এবং সম্ভাব্য সমাধানের বিষয়ে আলোচনা করতে পারবেন।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















