বিশ্ববাজারে স্বর্ণের দামে তীব্র অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রেক্ষাপটে মূল্যবান এই ধাতুর দামে বড় ধরনের উত্থান-পতন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে, বিশ্ববাজারে এই প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩০০ ডলারের মাইলফলক অতিক্রম করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের পৃথক শুল্ক আরোপের সম্ভাবনার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কয়েক ধাপে বেড়ে মার্চের শেষ দিকে প্রথমবারের মতো প্রতি আউন্স ৩ হাজার ১৫০ ডলার ছাড়িয়ে যায়। তবে, যখন ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণা দেন, তখন স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটে। পরবর্তীতে, চীন যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলে এবং যুক্তরাষ্ট্রও চীনের ওপর শুল্ক আরও বৃদ্ধি করলে, স্বর্ণের দাম আবারও দ্রুত বাড়তে শুরু করে। এর ফলস্বরূপ, গত সপ্তাহে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২০০ ডলার স্পর্শ করে। যদিও এরপর বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য হ্রাস দেখা যায়।
তবে, যুক্তরাষ্ট্র কর্তৃক চীনের ওপর আরও এক দফা শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করার ঘোষণার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী। এই প্রতিবেদন লেখার সময় (বাংলাদেশ সময় বিকাল ৪টা), প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৫ ডলার ৩৫ সেন্টে।
বিশ্ববাজারে স্বর্ণের এই অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সম্প্রতি স্থানীয় বাজারে স্বর্ণের দাম কয়েকবার বাড়ানো ও কমানো হয়েছে। দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম নির্ধারণের একদিন পর, গত ১৪ এপ্রিল স্বর্ণের দাম কিছুটা কমানো হয়। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৮ টাকা কমে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের দাম ৯৯১ টাকা কমে ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৮৫১ টাকা কমে ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৩৪ টাকা কমে ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয় এবং বর্তমানে এই দামেই বিক্রি হচ্ছে।
এর আগে, ১৩ এপ্রিল ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৮৭ টাকা বেড়ে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই দিনে ২১ ক্যারেটের দাম ৪ হাজার ১ টাকা বেড়ে ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪২৯ টাকা বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২ হাজার ৯২৭ টাকা বেড়ে ১ লাখ ১০ হাজার ২৭১ টাকা নির্ধারণ করা হয়েছিল এবং ১৩ এপ্রিল এই দামেই স্বর্ণ বিক্রি হয়েছে।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















