ঈদের প্রথম দিনের মতো ছুটি নিয়েও বেশ অস্পষ্টতার মধ্যে আছেন ওমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা। অবশেষে সেই অপেক্ষার পর্ব ফুরাতে চলেছে। শনিবার সন্ধ্যায় ঈদ ও ছুটির সময়কাল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে ওমান সরকার। ইতোমধ্যেই ধর্ম ও প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে সকলকে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। কোথাও চাঁদ দেখা গেলে স্থানীয় গভর্নরের অফিসে অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফোন নম্বরে কল করার জন্য অনুরোধ করা হয়েছে।
যদিও শনিবার চাঁদ না দেখা যাওয়ার পক্ষেই শক্ত অনুমান ওমানি জৌতির্বিজ্ঞানীদের। ফলে ৩০ রোজা পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।
ঈদের প্রথম দিন রবিবার হলে ছুটি শেষ হবে মঙ্গলবার। এবং বুধবার থেকে অফিস শুরু। আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার, তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার এবং অফিশিয়াল কার্যক্রম ৬ এপ্রিল রবিবার থেকে শুরু হবে। অর্থ্যাৎ ছুটি হতে পারে পাঁচ কিংবা নয় দিনের। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে – ছুটিতে প্রয়োজন বিবেচনায় কর্মীদের কাজে রাখা যেতে পারে – তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন বা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন।
অবশ্য এ বছর ঈদুল ফিতরের ছুটির অস্পষ্টতায় মন্দের ভালোর ভাগ পড়েছে পর্যটন সংশ্লিষ্টদের। সময়ের বাঁধাধরায় ভ্রমণপিপাসুরা দেশের বাইরের গন্তব্যের চেয়ে দেশিয় স্পটগুলোকেই বেড়ানোর জন্য বেছে নিচ্ছেন। এবার জিসিসির দেশগুলি থেকেও উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী আসবে বলেও ধারণা করা হচ্ছে। ২০২৪ সালে ওমানে প্রায় চার মিলিয়ন পর্যটক এসেছিলেন। তবে পর্যটন শিল্প বিশেষজ্ঞদের মতে, ঈদের ছুটিতে এই বছর আরও বেশি সংখ্যক লোকের সমাগম ঘটবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















