করোনা ভ্যাকসিন ছাড়াই এবার ওমানে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা। তবে যে সকল প্রবাসী ওমানে ভ্যাকসিন ছাড়াই প্রবেশ করতে চান তাদের মেনে চলতে হবে কিছু নতুন শর্ত। দেশটির সরকারি যোগাযোগ কেন্দ্র জিসি তাদের সর্বশেষ এক বিবৃতিতে জানিয়েছে, পহেলা সেপ্টেম্বর থেকে ওমানে আসা যাত্রীদের ওমানে আসার আগে দেশটির অনুমোদিত ভ্যাকসিন : ফাইজার বায়োটেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক, সিনোভ্যাক্স, মর্ডানা, সিনোফার্ম, কোভিডশিল্ড অ্যাস্ট্রাজেনেকা বা জনসন অ্যান্ড জনসনের মতো একক ডোজ ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে বর্তমানে যেসকল ব্যক্তি নিম্নলিখিত সমস্যার কারণে ভ্যাকসিন গ্রহণ করতে পারেননি তারাও ওমানে প্রবেশের সুযোগ পাচ্ছেন।
সেগুলো হলো:
১. বিদেশে অবস্থানরত ওমানি নাগরিক এবং তাদের পরিবার যারা ভ্যাকসিনের একটি ডোজও নিতে পারেননি।
২. ওমানের বৈধ প্রবাসী যারা ওমানে একডোজ টিকা নিয়ে নিজ দেশে গেছেন, কিন্তু ওমান সরকার অনুমোদিত টিকার ২য় ডোজ তার নিজ দেশ থেকে গ্রহণ করতে পারেননি। তিনিও ওমান প্রবেশের অনুমতি পাবেন।
৩. এমন সব প্রবাসী, যারা ওমানে সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে এবং ওমানের বৈধ রেসিডেন্স কার্ড (পতাকা) রয়েছে, এই সমস্ত প্রবাসীরাও ভ্যাকসিন গ্রহণ ব্যতীত ওমান প্রবেশের অনুমতি পাবেন।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
উপরে উল্লেখিত সমস্যার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র এমন প্রবাসীরা-ই ভ্যাকসিন গ্রহণ ব্যতীত পুনরায় ওমান প্রবেশের অনুমতি পাবে তবে তাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলো হলো: ওমান প্রবেশের পূর্বে পিসিআর পরীক্ষা করে নেওয়া, ওমান বিমানবন্দরে আসার পর পিসিআর পরীক্ষা করা, ইলেকট্রনিক ট্র্যাকিং ব্রেসলেট পরা, ওমানীদের জন্য ৭ দিনের জন্য হোম কোয়ারেন্টাইন এবং প্রবাসীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মেনে চলা, অষ্টম দিন পুনরায় পিসিআর পরীক্ষা করা।
সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুসারে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে টিকা গ্রহণ না করে কোনো নাগরিক প্রবেশ করতে পারবেন না। তবে যারা করোনা ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ পেয়েছে তারা চলতি মাস পর্যন্ত প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি পাবেন।কিন্তু আগামী অক্টোবর থেকে অবশ্যই সকল নাগরিকের করোনার দুইটি ডোজ গ্রহণ করতে হবে। তবে যাদের ভ্যাকসিন গ্রহণে সমস্যা রয়েছে তারা অবশ্যই মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে।
উল্লেখ্য গত আগস্ট মাসে দেশটির সুপ্রিম কমিটি জানিয়েছে যে, দেশটির অনুমোদিত ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ সাপেক্ষে স্থল, সমুদ্র ও বিমান পথে ওমানে প্রবেশ করতে পারবেন যাত্রীরা। এছাড়াও ওমানে আসার আগে বা পরে সকল যাত্রীকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন টেস্ট (PCR) পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষায় যাদের পজিটিভ রেজাল্ট আসবে তাদের কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। সূত্রঃ ওমান ডেইলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















