২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান সামাজিক মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এই ভিডিও বার্তায় রাষ্ট্রদূতের সাবলীল বাংলা ভাষা সকলকে মুগ্ধ করেছে।
ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, “মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি। এই দিনটি বিশ্বব্যাপী সব মাতৃভাষা সুরক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকুক।”
রাষ্ট্রদূতের এই বাংলা বলার দক্ষতা দেখে নেট নাগরিকরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সামাজিক মাধ্যমে তার ভূয়সী প্রশংসা করে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “মাশাল্লাহ! সৌদি-বাংলা সম্পর্ক আরও জোরালো হোক।” আরেকজন লিখেছেন, “বাহ! কি সুন্দর করে বাংলা বললেন।” আবার কেউ লিখেছেন, “বাংলা আমার প্রাণের ভাষা, ধন্যবাদ মি. দুলাইহান।”
সৌদি রাষ্ট্রদূতের এই শুভেচ্ছা বার্তা শুধু ভাষাগত দক্ষতার পরিচয় দেয়নি, বরং এটি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ধরনের আন্তরিকতাপূর্ণ পদক্ষেপ ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করবে বলে আশা করা যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















