ওমানের সুলতান সম্প্রতি রয়্যাল ডিক্রির মাধ্যমে নতুন নাগরিকত্ব আইন অনুমোদন করেছেন। এই আইনে প্রবাসী ও বিদেশিদের জন্য নাগরিকত্ব লাভের শর্তাবলী সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আইনের তৃতীয় অধ্যায়ে প্রবাসীদের জন্য ন্যূনতম ১৫ বছর ধারাবাহিক বসবাস, আরবি ভাষায় দক্ষতা, ভালো চরিত্র এবং সুস্বাস্থ্য বজায় রাখাসহ নানা শর্ত যুক্ত করা হয়েছে।
প্রবাসীদের জন্য নাগরিকত্বের শর্তাবলীতে বলা হয়েছে, আবেদনকারীকে কমপক্ষে ১৫ বছর ধরে ওমানে বসবাস করতে হবে, তবে বছরে ৯০ দিনের বেশি অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না। এছাড়া, আবেদনকারীর আরবি ভাষায় দক্ষতা, ভালো চরিত্র এবং কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা বাধ্যতামূলক।
পাশাপাশি, সুস্বাস্থ্য বজায় রাখা, সংক্রামক রোগমুক্ত থাকা এবং পরিবারের ভরণ-পোষণের জন্য বৈধ আয়ের উৎস থাকা আবশ্যক। আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, আবেদনকারীকে পূর্ববর্তী দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে, কারণ দ্বৈত নাগরিকত্ব এই আইনে গ্রহণযোগ্য নয়।
বিবাহের মাধ্যমে নাগরিকত্ব লাভের সুযোগও এই আইনে উল্লেখ করা হয়েছে। কোনো বিদেশি নারী যদি ওমানি পুরুষের সঙ্গে ৮ বছর বিবাহিত থাকেন এবং একটি সন্তান জন্ম দেন, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে পূর্ববর্তী নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং আরবি ভাষায় দক্ষ হতে হবে।
অন্যদিকে, কোনো প্রবাসী পুরুষ যদি ওমানি নারীর সঙ্গে ১০ বছর বিবাহিত থাকেন এবং তাদের একটি সন্তান থাকে, তবে তিনিও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও আরবি ভাষায় দক্ষতা, ভালো আচরণ এবং পূর্ববর্তী নাগরিকত্ব ত্যাগের শর্ত প্রযোজ্য হবে।
এছাড়া, বিশেষ শর্তসাপেক্ষে ওমানি পুরুষের বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী এবং তালাকপ্রাপ্ত ওমানি নারীর সন্তানরাও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের জন্য নির্দিষ্ট শর্তাবলী পূরণ করা আবশ্যক।
এই নতুন আইনটি ওমানের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। নাগরিকত্ব লাভের শর্তাবলী কঠোর ও সুস্পষ্টভাবে নির্ধারণ করে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি বৈধ আবেদনকারীদের জন্য সুযোগ সৃষ্টি করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















