প্রবাসীদের পাসপোর্ট সমস্যা, হোটেল কোয়ারেন্টাইন ইস্যু ও করোনা ভ্যাকসিন সহ বেশকিছু ইস্যুতে আজ (২৩-জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সরওয়ার আলমের সাথে বৈঠক করেছেন প্রবাস টাইমের সম্পাদক বাইজিদ আল হাসান। এ সময় প্রবাস টাইমের পক্ষথেকে প্রবাসীদের নানা সমস্যার বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
বিশেষকরে বর্তমান সময়ে ওমান প্রবাসীদের পাসপোর্ট সমস্যা, ওমানের ফ্লাইট, সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইন ইস্যু সহ আরো বেশকিছু ইস্যু নিয়ে আলোচনা করা হয়। এ সময় সরওয়ার আলম জানান, বর্তমান সময়ে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কুয়েত প্রবাসীদের, কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “কুয়েত প্রবাসীদের করোনা ভ্যাকসিন না দিতে পারলে তারা পুনরায় কুয়েত প্রবেশ করতে পারবেনা। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে কুয়েত প্রবাসীদের করোনা ভ্যাকসিন দিতে প্রচেষ্টা চালাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।”
তিনি আরো বলেন, কুয়েতের পরই সৌদি আরব এবং দুবাই প্রবাসীদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমান সময়ে দেশ থেকে সৌদি আরব যাওয়া একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রবাসীদের। বিমানের টিকিটের উচ্চ মূল্য এবং কোয়ারেন্টাইন খরচ সহ অনেক বড় একটা অংক খরচ হচ্ছে প্রবাসীদের। এমতাবস্থায় মন্ত্রণালয় চেষ্টা করছে সৌদি প্রবাসীদের জন্য ফাইজারের টিকা ব্যবস্থা করতে। যেহেতু দেশে টিকার সংকট চলছে, সুতরাং এখনই সৌদি এবং দুবাই প্রবাসীদের ভ্যাকসিন দেওয়া সম্ভব হবেনা। তবে খুব শীঘ্রই অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের জন্য ভ্যাকসিনের আলাদা বরাদ্দ করা হবে এমন আশ্বাস দিয়েছেন তিনি।

ভ্যাকসিনের ব্যাপারে তিনি আরো বলেন, একের দেশের সরকার একেক ধরনের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। এমতাবস্থায় আমরা চেষ্টা করছি যে যেই দেশের যাত্রী, তাকে ওই দেশের অনুমোদিত ভ্যাকসিন দিতে। কিন্তু এখানে আরো একটি সমস্যা হচ্ছে, বাংলাদেশে ভ্যাকসিন নেওয়ার পূর্বে সরকারি অ্যাপসে যেয়ে নিবন্ধন করতে হয়। উক্ত অ্যাপসে নিবন্ধন করতে জাতীয় পরিচয় পত্র ব্যতীত নিবন্ধন করা যায়না। অথচ অধিকাংশ প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নাই। বর্তমানে এটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় মন্ত্রণালয় চেষ্টা করছে উক্ত অ্যাপসে কিছুটা আপডেট করে পাসপোর্ট দিয়েও যাতে করে প্রবাসীরা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারেন।
এ সময় ওমান প্রবাসীদের পাসপোর্ট সমস্যার কথা জানালে তিনি বলেন, আমরা ঢাকা পাসপোর্ট অফিসে আলাদা একটা বুথ করার পরিকল্পনা করতেছি, যেখানে আমাদের মন্ত্রণালয়ের নিজস্ব লোক থাকবে, প্রয়োজনে আমরা বাহির থেকেও চুক্তিভিত্তিক কিছু লোক নিবো। এদের কাজ হবে, প্রবাসীদের পাসপোর্ট অগ্রাধিকার ভিত্তিতে নবায়ন করে দিবে। এ ছাড়াও আমাদের প্রবাসীরা যাতে করে পাসপোর্ট করতে যেয়ে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সেই লক্ষেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বাংলাভিশনের জাপান প্রতিনিধি ফখরুল ইসলাম ও মাইটিভির সৌদি ব্যুরো চীফ আব্দুল হালিম নিহন। আলোচনার এক পর্যায়ে সরওয়ার আলম এই মুহূর্তে অতি প্রয়োজন ব্যতীত প্রবাসীদের দেশে না আসতে অনুরোধ জানিয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















