ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাকে এই কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে দেশটিতে সন্ত্রাসী ষড়যন্ত্রের অভিযোগে মামলা ছিল।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, কারাদণ্ড পাওয়া ওই বাংলাদেশির নাম রবিউল ইসলাম। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। আই বাংলাদেশির বিরুদ্ধে বাতিল হওয়া ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ও ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের আওতায় মামলা ছিল।
এদিন সাজার পাশাপাশি আদালত রবিউল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। মূলত ২০২১ সালের আগস্টে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স থেকে আই মামলাটি হাতে নেয় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রবিউল ইসলাম ছিলেন এই মামলা অভিযুক্ত পাঁচজনের একজন। এনআইএয়ের চার্জশিটে বলা হয়েছে, জেএমবির ভারতের বিরুদ্ধে করা ষড়যন্ত্রে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















