লকডাউনের কারণে ফ্লাইট বন্ধের পর আজথেকে পুরোপুরি চালু হয়েছে বিশেষ ফ্লাইট। রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার বিশেষ ফ্লাইটযোগে ৪৭৬ জন প্রবাসীকর্মী সৌদি আরব ও ওমান গেছেন। তাদের মধ্যে বিমানে ২৭১ জন ও এয়ার অ্যারাবিয়ায় ২০৫ জন যাত্রী ছিলো বলে জানাগেছে। এ ছাড়াও সকাল ১০ টা ৩৭ মিনিটে ওমান এয়ারের একটি বিশেষ ফ্লাইট ঢাকা এয়ারপোর্ট থেকে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এদিকে আজ রাত ১২টা পর্যন্ত আরও নয়টি ফ্লাইটে দেড় সহস্রাধিক যাত্রীর বিভিন্ন দেশে যাওয়ার সিডিউল রয়েছে বলে শাহজালাল বিমানবন্দরের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে বেবিচক। শুধু মধ্যপ্রাচ্যে ও সিঙ্গাপুরে প্রবাসীকর্মীদের পরিবহনের জন্য বিশেষ ফ্লাইট চালু করা হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) থেকে ফ্লাইট চালুর কথা থাকলেও ল্যান্ডিং অনুমতি নিয়ে জটিলতার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। নির্ধারিত সময়ে উপস্থিত যাত্রীদের আবাসিক হোটেলে রাখা হয়। তাদের অনেকেই আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে সৌদি ও ওমান যান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















