মালয়েশিয়া প্রবাসী সজিব শাহ দীর্ঘদিনের সঞ্চয় করা টাকা দিয়ে কিনেছেন একখণ্ড জমি। নামজারিও হয়ে গেছে। মালিকানা সংক্রান্ত সব দলিলও ঠিকঠাক। কিন্তু এত সাধের জমিটির দখল নিতে পারছেন না। নিজের জমি, অথচ জমির দখল নিতে মরিয়া অন্য কেউ। নিজের জমিতেই বসবাসের সুযোগ পাচ্ছেন না। মালিকানাধীন জমি অন্য কেউ গায়ের জোরে দখল করার পাঁয়তারা চালাচ্ছেন।
ঘটনাটি রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের। ওই ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী হামিদ শাহ এর ছেলে সজিব শাহ এর কেনা জমি দখল নেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন ওই গ্রামের অশ্বিনী কুমার মন্ডলের ছেলে সুশান্ত কুমার মন্ডল। তিনি আবার ওই ইউনিয়নের চেয়ারম্যান মুনা বিশ্বাসের আশির্বাদপুষ্ট। অভিযোগ রয়েছে চেয়ারম্যানের নির্দেশেই জমি দখলের চেষ্টা করছেন সুশান্ত।
নিজের জমি দখলে নিতে ভুক্তভোগী প্রবাসী সজিব শাহ এর স্ত্রী রিজিয়া পারভিন পাংশার দায়িত্বরত সেনা সদস্যদের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের জুলাই মাসে ১৫৯ নাম্বার পাট্টা মৌজায় স্বাগতা শিকদারের কাছ থেকে ৪ শতক জমি ক্রয় করেন মালয়েশিয়া প্রবাসী সজিব শাহ। যার নামজারি ও দলিল রয়েছে সজিবের কাছে। তবে জমি কেনার পর থেকেই নানাভাবে দখলের চেষ্টা চালাচ্ছিল সুশান্ত কুমার মন্ডল। পরে ওই জমিতে করা নির্মাণাধীন বসতবাড়ি ভেঙ্গে দেয় সুশান্ত সহ কয়েকজন সন্ত্রাসীরা। এছাড়াও খুন ও জখমের হুমকিও দেয়। এবিষয়ে তখন জাতীয় ও স্থানীয় পত্র পত্রিকায় সংবাদও প্রচার হয়। পরে কিছুটা দমে যান সুশান্ত সহ তার পালিত ক্যাডাররা। তবে নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এই সন্ত্রাসী বাহিনীরা। উপায়ন্ত না পেয়ে ফের পাংশায় দায়িত্বরত সেনা সদস্যদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সজিব শাহ এর স্ত্রী রিজিয়া পারভিন।
রিজিয়া পারভিন লিখিত অভিযোগে সঠিক বিচার ও জমি দখল পেতে সেনা সদস্যদের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















