প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দক্ষতা ছাড়া দেশে-বিদেশে কোথাও মর্যাদা নেই। বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিনা খরচে জাপানগামী টেকনিকেল ইন্টার্নদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান চৌধুরী বলেন, বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের টেকসই উন্নয়নের জন্য অবশ্যই শ্রমিকদের কারিগরি দক্ষতা বাড়াতে হবে। এজন্য আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।
জাপানগামী টেকনিকেল ইন্টার্নদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনারা প্রত্যেকে দেশের প্রতিনিধি, বাংলাদেশের অ্যাম্বাসেডর। আপনাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম হবে। খারাপ কাজ করলে নিজের, পরিবার ও দেশের দুর্নাম হবে।
তিনি বলেন, ভবিষ্যতে যারা বিদেশ যেতে চান তাদের জন্য আপনারা অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। আপনারা তাদের উদ্বুদ্ধ করবেন, যেন সবাই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে যায়।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, বিএমইটি-এর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















