মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় দুই ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ করে গত মঙ্গলবার রাতে দুই ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন এক বৃদ্ধা মা।
মামলার ঘটনায় পুলিশ এক ছেলেকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (১৫ মে) রাতে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেপ্তার আনোয়ার সিকাদার (৩৮) উপজেলার বাঘুলি গ্রামের মৃত শামসুল হকের ছেলে। আজ বৃহস্পতিবার (১৬ মে) সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি গ্রামের জহুরা খাতুনের (৭০) দুই ছেলে আনোয়ার ও গফুর সিকদারের মধ্যে বসতবাড়ির জায়গাসহ সম্পত্তি নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল।
এ নিয়ে দুই ছেলে বৃদ্ধা মাকে মানসিক ও শারীরিক নির্যাতন করত এর ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেলে মাকে মারধর করে অভিযুক্ত ওই দুই ছেলে।
মারধরে মায়ের একটি দাঁত ভেঙে যায়। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে দুই ছেলেকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী বৃদ্ধা মা। এরপর বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে আনোয়ারকে পুলিশ গ্রেপ্তার করে।
এদিকে ওসি জিয়ারুল ইসলাম জানান, আজকে দুপুরে গ্রেপ্তার আসামি আনোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















